ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত, নড়াইলে শোকের মাতম
প্রকাশিত : ১৯:৫৯, ১ আগস্ট ২০২৬
খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় বাড়িতে চলছে শোকে মাতম। বিচারের দাবি স্বজনদের।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও নিহত হন তার স্ত্রী ফারজানা (২২), তাঁর ২২ মাস বয়সী কন্যাশিশু মাইমুনা এবং শেখ শিহাবের শ্যালিকা রুবিয়া (২০)।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাব শেখ তার স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তাঁর ২২ মাস বয়সী কন্যাশিশু মাইমুনাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। বেঁচে যান শিহাব শেখ।
এ ঘটনায় শনিবার নিহতদের বাড়িতে চলে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে। বেন্দার কবর স্থানে তিনজনকে দাফন করা হবে।
দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাক চালকের বিচার দাবি করেন স্বজনরা।
এএইচ
আরও পড়ুন










